
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন আগামী বছরের শেষ নাগাদ রাজধানীর কাওলা থেকে তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।
রোববার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বনানী এলাকায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বিমানবন্দরের কাছে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রায় ১১ কিলোমিটার অংশ আগামী বছর খুলে দেওয়া হবে জানিয়ে এ সময় মন্ত্রী বলেন মোট ৩ ধাপে এই কাজ শেষ হবে। প্রথম ধাপের কাজ ৬৬ শতাংশ শেষ হয়েছে।
২০২২ সালের মধ্যে কাওলা থেকে তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত কাজ শেষ হবে আশা প্রকাশ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বাকি কাজ শেষ হতে ২০২৩ সালের জুন মাস নাগাদ লেগে যেতে পারে।
ওবায়দুল কাদের বলেন, সার্বিক কাজের অগ্রগতি ৩০ শতাংশের মতো হয়েছে। মাঝে কিছুটা দেরি হয়েছে আর্থিক সমস্যার জন্য তবে এখন কাজের গতি অনেক ভালো। এখন আর টাকা-পয়সার সমস্যা নেই।



