খেলাধুলাক্রিকেট

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সেরা দশে সাকিব; এগিয়েছেন মেহেদিও

আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই বছর পর সেরা দশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। নিউ জিল্যান্ডের বিপক্ষে বল হাতে উজ্জ্বল পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে আগাতে সাহায্য করেছে তাকে। এদিকে বড় লাফ দিয়েছেন শেখ মেহেদি হাসানও। এই স্পিনার র‌্যাংকিংয়ে ৬৭ ধাপ এগিয়েছেন।

গত এক সপ্তাহে হওয়া আন্তর্জাতিক ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে কেবল ১০ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব, সঙ্গে ব্যাট হাতে ২৫ রান করে হন ম্যাচ সেরা। প্রথম তিন টি-টোয়েন্টিতে মোট ৪ উইকেট নিয়েছেন তিনি। এই পারফরম্যান্স তাকে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে নিয়েছে তিন ধাপ। উন্নতির ধারাবাহিকতা ধরে রেখে এখন তিনি আছেন নবম স্থানে।

নতুন বলে পাওয়ার প্লেতে দারুণ বোলিং করেছেন মেহেদি। তিন টি-টোয়েন্টিতে তারও উইকেট ৪টি। বোলারদের তালিকায় ৯১ থেকে ২৪ নম্বরে উঠে এসেছেন তিনি। এই সংস্করণের শীর্ষ বোলার আগের মতোই দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে ২৩৪ রান করে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়েছেন পল স্টার্লিং। আয়ারল্যান্ডের এই ওপেনার এখন আছেন ১৪তম স্থানে। উন্নতি হয়েছে ক্রেইগ আরভিনেরও। ১২৮ থেকে ৮৫তম স্থানে উঠে এসেছেন তিনি।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আসেনি পরিবর্তন। আগের মতোই সবার উপরে ইংল্যান্ডের দাভিদ মালান।

বাংলাটিভি/  সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button