নিসানকার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারালো শ্রীলঙ্কা

জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি শ্রীলঙ্কা। দ্বিতীয় ওয়ানডে জিতে সমতায় ফেরে তারা। এবার এগিয়েও গেলো লঙ্কানরা। পাথুম নিসানকার দুর্দান্ত সেঞ্চুরিতে কলম্বোর তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
রবিবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে করে ২৯১ রান। স্লো উইকেটে স্কোরটা ছিল চ্যালেঞ্জিং। তবে নিসানকার ১৩৭ রানের ইনিংসে ভর করে ৯ বল আগেই ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে লঙ্কানরা। তাতে স্বাগতিকরা পাঁচ ম্যাচের সিরিজে লিড নিলো ২-১-এ।
টপ অর্ডার সুবিধা করতে না পারলেও মিডল অর্ডারে রান পায় অস্ট্রেলিয়া। যেখানে সর্বোচ্চ রান ট্র্যাভিস হেডের। বাঁহাতি ব্যাটার অপরাজিত থাকেন ৭০ রানে। ৬৫ বলের ইনিংসটি তিনি সাজান ৩ বাউন্ডারি ও ৩ ছক্কায়। তার আগে অ্যালেক্স ক্যারি ৪৯ রানে আউট হন। গ্লেন ম্যাক্সওয়েল ঝড় তুলে ১৮ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলে যান ৩৩ রানের ইনিংস। আর ক্যামেরন গ্রিন অপরাজিত থাকেন ১৫ রানে।শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার জেফরি ভ্যান্ডারসে। এই স্পিনার ১০ ওভারে ৪৯ রান দিয়ে নেন ৩ উইকেট।
নিসানকার মতো কুশলও হাঁটছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু ৮৭ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরতে হয় তাকে। এরপর ধনাঞ্জয়া ডি সিলভার ২৫ ও চারিথ আসালঙ্কার অপরাজিত ১৩ রানে জয় নিশ্চিত হয় শ্রীলঙ্কার।অস্ট্রেলিয়ার ঝাই রিচার্ডসন ৩৯ রানে নেন ২ উইকেট।



