খেলাধুলাক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের মহাকাব্যিক জয়

আব্দুল্লাহ শফিকের মহাকাব্যিক ১৬০ রানের সুবাদে সিরিজের প্রথম টেস্টে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল।

৩৪২ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২২২ রান নিয়ে আজ মাঠে নেমেছিলেন রিজওয়ান-শফিক। রিজওয়ান ব্যাট করছিলেন ৭ রানে আর শফিক ১১২ রানে। দুজনের পার্টনারশিপে জয়টা চলে আসে আরও কাছে।

রিজওয়ান ৪০ রান করে যখন ফেরেন, তখন প্রয়োজন ছিল ৬৬ রান। এর পর দ্রুত সময়ে আরও দুই উইকেট তুলে নিয়ে চাপ সৃষ্টি করেছিল লঙ্কান দল। জয় থেকে ১৯ রান দূরে থাকতে শফিকের সহজ ক্যাচ ছেড়ে দিয়ে ম্যাচে ফেরার ভালো সুযোগ নষ্টও করেছে তারা। তবে শফিকের অপরাজিত ইনিংসে লঙ্কানদের বাজে ফিল্ডিংয়ের দায়ও কম নয়। সকালেও তার ক্যাচ ছেড়েছেন ধনাঞ্জয়া।

১১ রান দূরে থাকতে বৃষ্টি কিছু্ক্ষণের বাধা সৃষ্টি করলেও পরে আর সমস্যা হয়নি। শেষটায় চার মেরে রেকর্ড গড়া এক জয় নিশ্চিত করেন শফিক।

গলের এই মাঠে সর্বোচ্চ ২৬৮ রান তাড়া করে জয়ের নজিরটা ছিল শ্রীলঙ্কার। এবার পাকিস্তান তাদের ছাড়িয়ে নতুন নজির তৈরি করেছে। টেস্টে সেটা আবার পাকিস্তানের তাড়া করে জেতা দ্বিতীয় সর্বোচ্চও।

৬ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে শফিক খেলেছেন ক্যারিয়ার সেরা ১৬০ রানের অপরাজিত ইনিংস। ম্যাচসেরাও তিনি। তার সঙ্গে ১৯ রানে ক্রিজে ছিলেন মোহাম্মদ নওয়াজ।দ্বিতীয় ইনিংসে বামহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়া ৪ উইকেট নিয়েছেন।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button