দেশবাংলা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্নস্থানে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্নস্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। জামালপুরের সরিষাবাড়ীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৩ গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে, ঈদের নামাজে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেন। সকালে পৌরসভার উত্তর বলার দিয়ার মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা ও চরবাগানপাড়া  এবং শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের কিছু মানুষ, ইদের নামাজে অংশ নেন।

এদিকে, সৌদি আরবের সাথে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে প্রায় ৪০টি পরিবার ঈদুল ফিতর উদযাপন করেছেন। লাউহাটি ইউনিয়নের শশীনাড়া জামে মসজিদ মাঠে  সকাল  আটটায়  ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

অন্যদিকে,পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৭ গ্রামের ১৫ হাজার মানুষ উদযাপন করছেন, ঈদুল ফিতর। চাঁদপুরের ৪০টি গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ সংলগ্ন ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৯টায় ঈদের প্রথম জামাতের ইমামতি করেন, সাদ্রা দরবার শরীফের পীর, মাওলানা জাকারিয়া চৌধুরী আল মাদানি।

এছাড়া, দিনাজপুর, ঝিনাইদহের হরিণাকুন্ডু, শরীয়তপুর ও মুন্সীগঞ্জে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ জামাতে মুসলীম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button