ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক সহ বিভিন্নস্থানে স্বস্তির ঈদযাত্রা

ঢাকা-ময়মনসিংহ,ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট না থাকায় স্বস্তিতে ঘরে ফিরছেন মানুষ। চিরচেনা এই মহাসড়কে, প্রতিবছর ঈদের আগের রাতেও ব্যাপক যানবাহনের চাপ থাকে। তবে এবারের চিত্র ভিন্ন। তাই ঈদের আগের দিন বাড়ি ফেরা যানজটে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে না। ফলে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ উপভোগ করতে শেষ মুহুর্তে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস,এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায়, যানবাহনের কোনো চাপ দেখা যায়নি। এছাড়া, মহাসড়কে তেমন কোনো যাত্রীও নেই। তবে, কিছু মানুষ বাস না পেয়ে খোলা ট্রাক বা পিকআপে যাচ্ছে এখনো।
অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার ঈদের আগের দিন মহাসড়কের চিত্র ভিন্ন।স্বাভাবিকের চেয়েও যানবাহন কম। যমুনা সেতুর পর, উত্তরের যেকোন স্থানে নির্বিঘ্নে পৌঁছে যাচ্ছে ঘরমুখো মানুষ। তবে দুই একটি স্থানে যানজটের কথা জানান যাত্রীরা।
দক্ষিণ-পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায়, যানবাহনের তেমন চাপ নেই। এছাড়া, এক্সপ্রেসওয়ের কোথাও যানজট বা গাড়ি চলাচলে ধীরগতি নেই। তবে দূরপাল্লার গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত গাড়ি বেশি দেখা গেছে।
বাংলা টিভি / বুলবুল



