আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

‘তারা গেস্টাপো প্রশাসন চালাচ্ছে’: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প তার দাতাদের বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন ‘গেস্টাপো প্রশাসন’ চালাচ্ছেন৷ শনিবার দাতাদের সঙ্গে ব্যক্তিগত আলাপে ট্রাম্প এমন মন্তব্য করেন বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে৷

নাৎসি আমলের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল গেস্টাপো৷

নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন ট্রাম্প৷ ‘‘তারা গেস্টাপো প্রশাসন চালাচ্ছে,” বলে এক অডিও রেকর্ডিংয়ে ট্রাম্পকে বলতে শোনা গেছে৷ নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট এই রেকর্ডিংটি শুনেছে৷

এ বিষয়ে ট্রাম্প ক্যাম্পেইনের কাছে জানতে চাইলে তারা উত্তর দেয়নি৷

তবে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেইটস এক বিবৃতিতে ট্রাম্পের বিরুদ্ধে ফ্যাসিবাদী বক্তব্যের সঙ্গে সুর মেলানোর অভিযোগ আনেন৷ তিনি বলেন, ট্রাম্প নব্য-নাৎসিদের সঙ্গে মধ্যাহ্নভোজ করছেন, আর বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব সমর্থন করছেন যার কারণে সাহসী অনেক পুলিশ অফিসারকে প্রাণ দিতে হয়েছে৷ ‘‘গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের চারপাশে অ্যামেরিকান জনগণকে একত্রিত করছেন প্রেসিডেন্ট বাইডেন – এটা এমন এক পদ্ধতি যা গত ৫০ বছরের মধ্যে সহিংস অপরাধ সবচেয়ে বেশি কমিয়েছে,” বলেন বেইটস৷

অ্যাডভোকেসি গ্রুপ ‘জুইশ কাউন্সিল ফর পাবলিক অ্যাফেয়ার্স’ নাৎসি তুলনার নিন্দা করেছে৷ সংস্থার প্রধান নির্বাহী অ্যামি স্পিটালনিক রোববার বলেন, ‘‘এরকম তুলনা সবসময়ই ভুল, আক্রমণাত্মক এবং নিন্দনীয়৷”

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে বেশি কিছু বর্ণবাদী ও উত্তেজনা তৈরি করে এমন বক্তব্য রেখেছেন৷ ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয় না পেলে সহিংসতা হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন ট্রাম্প৷ অভিবাসনপ্রত্যাশীদের তিনি প্রাণির সঙ্গে তুলনা করেছেন৷ গতবছর ট্রাম্প বলেছিলেন, অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে তারা ‘আমাদের দেশের রক্তকে বিষাক্ত করে তুলছেন’৷ডয়চে ভেলে

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button