এস আলম গ্রুপ ও শেয়ার হোল্ডারদের স্থাবর সম্পদের তালিকা চেয়েছে হাইকোর্ট

ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলম গ্রুপ এবং এর শেয়ার হোল্ডার পরিচালক ও তাদের পরিবারের স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আইন সচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দিয়েছে।
এস আলম গ্রুপ, কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পদের তালিকা দাখিল করা এবং এসব সম্পদ স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে গত ১৭ই সেপ্টেম্বর রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মো. রুকুনুজ্জামান।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মো. রুকুনুজ্জামান।
তিনি বলেন, “যে টাকা পাচার হয়েছে তা রিপ্যাট্রিয়েশন করতে কী ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চেয়েছে আদালত। এছাড়া শেয়ার হস্তান্তরের নিষেধাজ্ঞা কেন দেয়া হবে না এবং পাচারকৃত টাকা ফেরত আনার ব্যাপারে কী পদক্ষেপ নেয়া হয়েছে সে বিষয়েও রুল দেয়া হয়েছে”।
চার সপ্তাহের মধ্যে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশনসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছে আদালত।



