মালদ্বীপে বাংলাদেশির মৃত্যুর রহস্যে শ্রীলঙ্কান নাগরিকের আরও ৪৫ দিনের রিমান্ড

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি
মালদ্বীপের থিলাফুশিতে ওয়েস্ট ম্যানেজমেন্ট করপোরেশনের (ওয়ামকো) এক বাংলাদেশি কর্মীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার শ্রীলঙ্কান নাগরিকের রিমান্ড আরও ৪৫ দিন বাড়িয়েছে আদালত।
নিহত আমিন মিয়া (২৪) গত ২৬ জানুয়ারি থিলাফুশি থেকে নিখোঁজ হন। দুই দিন পর, ২৮ জানুয়ারি ডাম্প সাইট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ অবহেলাজনিত হত্যার অভিযোগে শ্রীলঙ্কার নাগরিক মাদুরাংগা দিসানায়েকে মেনিকা (৩২) কে গ্রেপ্তার করে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার রিমান্ড আরও ৪৫ দিন মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ জানুয়ারি বিকেলে ডাম্প সাইটে বর্জ্য অপসারণের সময় একটি খননযন্ত্রের আঘাতে আমিন মিয়া মাটিতে পড়ে যান। অভিযোগ রয়েছে, এরপরও চালক মেনিকা খননযন্ত্র চালিয়ে বর্জ্য অন্যত্র সরিয়ে নিতে থাকেন। এতে বর্জ্যের সঙ্গে আমিনের দেহও সরে গিয়ে পরে ময়লার নিচে চাপা পড়ে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, খননযন্ত্রের আঘাতের পরও চালক কাজ বন্ধ করেননি। গ্রেপ্তারি পরোয়ানায় এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য উল্লেখ করে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করতে পারেন— এমন আশঙ্কা রয়েছে। এছাড়া তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, চালক মেনিকা ঘটনাস্থলে অবৈধভাবে কাজ করছিলেন বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি ঘিরে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম এখনও চলমান।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন। এই ঘটনার পর তাদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ওএফ



