
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি। কোনভাবেই প্রশ্নফাঁস সম্ভব না বলেও এসময় দাবী করেন তিনি। শনিবার (০২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় তিনি জানান, সারাদেশে নকলমুক্ত পরীক্ষা আয়োজনে তীক্ষ্ম গোয়েন্দা নজরদারি বসানো হয়েছে। তাই কোনোভাবে প্রশ্নফাঁস করা সম্ভব নয়। নকল ও প্রশ্নফাঁস মুক্ত পরিবেশে পরীক্ষা শেষ করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা যে সকল নির্দেশনা দিয়েছিলাম তার সবকটি অনুসরণ করা হয়েছে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নবাক্স খোলা হয়েছে। সারাদেশে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে মোড়ানো প্রশ্নপত্র পাঠানো হয়েছে। দেশের সকল স্থানে সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু হয়েছে। এ পর্যন্ত কোথাও প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়নি।
অভিন্ন ও সৃজনশীল প্রশ্নপত্রে আজ থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবার দেশের তিন হাজার ৪৯৭টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেবে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী। বিদেশের আটটি কেন্দ্রেও অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পাবে বাড়তি সুবিধা। এবার নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১৭ লাখ ৪০ হাজার ৯৩৭ জন। কিন্তু ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশনের তুলনায় ঝড়ে পড়ে প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থী। সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই হলে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। এছাড়াও পরীক্ষার ২৫ মিনিট আগে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেয়া হয় প্রশ্নপত্রের সেট কোড। আর প্রশ্ন ফাঁসের কথা বলে যেন কোনো অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াতে না পারে সে বিষয়ে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাংলাটিভি/কায়েস



