জগা-খিচুড়ির ঐক্য, জাতীয় ঐক্য হতে পারে না- ওবায়দুল কাদের

||বাংলা টিভি অনলাইন||
জগা-খিচুড়ি ঐক্যের পরিণতিতেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে ন্যাপ ও এনডিপির সরে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুরুতেই এই ধাক্কার কারণ হিসেবে জোটের পেছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
জগা-খিচুড়ির ঐক্য, জাতীয় ঐক্য হতে পারে না উল্লেখ করে তাদের ঐক্যের প্রতি জনগণের বিশ্বাস নেই বলেও দাবি করেন ওবায়দুল কাদের।
কাদের বলেন, দেশে অশুভ চক্রান্ত শুরু করেছে বিএনপির সাম্প্রদায়িক শক্তি। এ সময়, শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে দলটি দেশে বিদেশে চক্রান্ত চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
দেশে এখন শান্তিপূর্ণ পরিবেশ, আগামী নির্বাচনে অশুভ সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করা হবে। শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে কেউ বিশৃঙ্খলা করলে তাকে সমুচিত জবাব দেয়া হবে।
এ সময়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের পূজার শুভেচ্ছা পৌঁছে দেন ওবায়দুল কাদের।
বাংলাটিভি/এবি



