
||বাংলা টিভি অনলাইন||
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে টাইগাররা। মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়ে। তবে দুই ওপেনারের বিদায় বড়সড় আমলে নেননি ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামস। সূচনাতেই ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান দলকে। রীতিমতো চোখ রাঙাচ্ছিলেন এ জুটি।
কিন্তু হঠাৎই ছন্দপতন। হার মানলেন টেইলর। নাজমুল ইসলাম অপুর বলে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ফেরার আগে ৭২ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলেছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এটি তার ক্যারিয়ারের ৩৬তম ফিফটি। এ নিয়ে ব্যাক টু ব্যাক ফিফটি হাঁকালেন তিনি। শেষ খবর পর্যন্ত রোডেশিয়ানদের সংগ্রহ ৩৬ ওভার শেষে ৩ উইকেটে ১৯১ রান।
এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে তৃতীয় বলেই জিম্বাবুয়ের ওপেনার চিপহাস জুহওয়াও বোল্ড করে প্রথম উইকেটের দেখা পান টাইগার অলরাউন্ডার সাইফউদ্দিন। স্ট্যাম্প সোজা বলে মিড উইকেটে মারতে গিয়ে বলের সুইং মিস করেন চিপহাস আর বল সরাসরি অফ-স্ট্যাম্প ভেঙে দেয়।
এরপর নিজের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পান আবু হায়দার। জিম্বাবুয়ের ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে সরাসরি বোল্ড করে জিম্বাবুয়ের দ্বিতীয় উইকেটের পতন ঘটান রনি। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে রনির বলে কাট করতে গিয়ে টাইমিংয়ের গড়বড় করলে বল ব্যাটের কানায় লেগে বোল্ড হয়ে যান জিম্বাবুয়ের অধিনায়ক মাসাকাদজা (২)। মাত্র ৬ রানেই ২ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে।
এ ম্যাচে বড় নিয়ামক হতে পারে শিশির। এটি দুদলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। তা মাথায় রেখে শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম অপু।
জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সিফাস জুওয়াও, এল্টন চিগুম্বুরা, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস ও রিচার্ড এনগারাভা।
বাংলাটিভি/এসএম/এবি



