
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ জনগণের পকেট কাটা টাকায় হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
গতকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশ হয়। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৭ আসনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ।
বিএনপি নেতা রিজভী বলেন, ভুয়া নির্বাচনকে জায়েজ করার জন্য সরকার যা করছে, তা চরম হাস্যকর। গতকাল তারা জনগণের কোটি কোটি টাকা শ্রাদ্ধ করে তথাকথিত বিজয়ের উৎসব উদ্যাপন করেছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে গতকাল গণতন্ত্র হত্যার উৎসবে পরিণত করা হয়েছে।
তিনি আরো বলেন, সরকার বৈধতা পেতে এখন আন্তর্জাতিক অঙ্গনে দেনদরবার শুরু করেছে। বিশ্বের গণতন্ত্রকামী মানুষ ও তাদের নির্বাচিত সরকারের কাছে এ রকম নির্বাচনের কোনো কানাকড়ি মূল্য নেই। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকার কখনোই টিকতে পারে না। ভয় দেখিয়েও বেশি দিন টেকা যায় না। ম্যাকিয়াভেলির নীতি অবলম্বন করে ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গেছে।
বাংলাটিভি/পাইক



