প্রধানমন্ত্রীবাংলাদেশ

মন্ত্রীপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

বঙ্গকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরুংকুশ বিজয় অর্জন করে টানা তৃতীয়বারের মত গঠন করল সরকার। মন্ত্রীপরিষদ গঠনের পর আজ সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম বৈঠক করে সরকারের মন্ত্রীপরিষদ। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে মন্ত্রীপরিষদ সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের জন্য কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শপথ নেওয়ার পর মন্ত্রীরা কাজ শুরু করলেও এটিই প্রথম মন্ত্রিসভা বৈঠক। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বৈঠকের বিষয়ে ব্রিফ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন ‘মন্ত্রী পরিষদ সবসময় এ কথাটি মনে রাখবেন, যে কাজই করবেন নিষ্ঠার সঙ্গে এবং সততার সঙ্গে করবেন। প্রতিটি কাজ নিষ্ঠার সঙ্গে করতে হবে। জনগণের প্রতি আমাদের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে, সে কর্তব্য পালন করতে আমরা এখানে এসেছি।’
এ বৈঠকে ছয়টি আলোচ্যসূচি রয়েছে। এরমধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণ। প্রথম মন্ত্রিসভা বৈঠকে রাষ্ট্রপতি সংসদে যে ভাষণ দেবেন তার খসড়া অনুমোদন করা হতে পারে। এ সংক্রান্ত ভাষণটির খসড়া মন্ত্রীদের কাছে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপতির ভাষণ ছাড়াও মন্ত্রিসভার প্রথম বৈঠকে আরও ৫টি আলোচ্যসূচি রয়েছে। এগুলো হচ্ছে, গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইনের খসড়ার নীতিগত অনুমোদন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ ও সংশোধন) আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন। জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন।
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র আইনের নীতিগত অনুমোদন এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এবং প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা বিধিমালা-২০১৫ এর আলোকে প্রতিবন্ধী বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার খসড়ার অনুমোদন।
৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর, ৭ই জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। ৪৭ জনের নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন। মন্ত্রিসভার বৈঠকের পর ৩০শে জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হওয়ার কথা আছে।
বাংলাটিভি/কায়েস

সংশ্লিষ্ট খবর

Back to top button