
ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। রাজধানীর মিরপুর ১ নম্বরে শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সিদ্দিক (৬০)। বেশ কয়েক বছর ধরে ওই এলাকায় বেলুন বিক্রি করতেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে,আজ ওই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। এ উপলক্ষে সকাল থেকেই শিক্ষার্থীরা স্কুলে আসছিল। স্কুলের মাঠে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। ওই মঞ্চের পাশে বেলুন বিক্রি করছিলেন সিদ্দিক। তিনি গ্যাসের সিলিন্ডারের মাধ্যমে বেলুনে গ্যাস ভরছিলেন। সকাল ৮টার দিকে ওই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে বেলুন বিক্রেতা আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ওই হাসপাতালে রয়েছে।
এ ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী আছে। তাদের ডেলটা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাটিভি/পাইক



