সব নৃগোষ্ঠীর সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষাক্ষেত্রে সব নৃগোষ্ঠীর সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার, এটাই সবাইকে ভাবতে হবে বলেও এসময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীয় কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানকালে তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, ‘আমাদের এই ছেলেমেয়েরা নিজ নিজ গোষ্ঠীর পোশাক পরে এসেছে। এখন আধুনিক যুগ, সবাই আধুনিক পোশাক পরে। কিন্তু বিশেষ দিনে নিজেদের পোশাক পরলে স্বকীয়তা প্রকাশ পায়। সেজন্য সবাইকে ধন্যবাদ।’ ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর শিক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীকে সমাজের মূলধারায় ফিরিয়ে এনে সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এসময় তিনি আরো বলেন, ‘আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এখানে কাউকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা অবহেলিত ভাবলে চলবে না। সকলকে ভাবতে হবে সবাই এই দেশের নাগরিক এবং প্রত্যেক নাগরিকের সমান অধিকার। আমরা সেটাই নিশ্চিত করতে চাই এবং এটা নিশ্চিত করবো-এটাই আমাদের লক্ষ্য।’
ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা পিছিয়ে আছেন,আমাদের দিক থেকে তাদের শিক্ষা-দীক্ষা এবং আর্থ-সামাজিকভাবে যেন তারা উন্নত হতে পারেন, সেই উদ্যোগটা আমরা হাতে নিয়েছি।’ শিক্ষাকে অধিকার হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের প্রায় ৫৫টি জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের জীবনমান কিভাবে উন্নত করা যায় এবং সেই লক্ষ্যেই আমরা কিছু বিশেষ এলাকা নিয়ে উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছি। এজন্য বাজেটেও আলাদা বরাদ্দ রাখা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি দোয়া ও আর্শীবাদ জানিয়ে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়ে শেখ হাসিনা বলেন, মানুষের মতো মানুষ হও এবং আমাদের দেশের উন্নয়নে অবদান রাখো এবং স্ব স্ব পেশাকেও উন্নত মানে বিকশিত করো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব নজিবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান। এছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রীপরিষদের সদস্য এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/কায়েস



