
|| শরীফ ইকবাল ||
নরসিংদীর শিবপুরে মদিনা জুট মিলের গুদামে আগুন লেগেছে। রোববার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার কারারচর এলাকায় মদিনা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের মিলে ভয়াবহ ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের ৬ স্টেশনের মোট ৯ টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে মিলের গুদামজাতকৃত প্রায় ৪০ হাজার মন পাটের অধিকাংশই পুড়ে গেছেবলে জানালেন মিল কর্তৃপক্ষ। তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও মিল কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস ও জুট মিলের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, সন্ধ্যা প্রায় ৫ টা ৫০ মিনিটে জুট মিলের গুদামে আগুন দেখতে পায় শ্রমিকরা। খবর পেয়ে শিবপুর ও নরসিংদী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়া শুরু করলে মনোহরদী, পলাশ, রায়পুরা ও মাধবদীর ফায়ার সার্ভিসের মোট ৯ ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক (ডিএডি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি। আমাদের ৬টি ফায়ার সার্ভিসের মোট ৯ টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে সব বলা যাবে।
বাংলাটিভি/প্রিন্স



