নির্ধারিত তারিখেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে

তাবলীগ জামায়াতের দু’পক্ষের আলোচনার প্রেক্ষিতে নির্ধারিত তারিখেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর, তাদের সম্মতিতে এ ইজতেমা এক দফায় অনুষ্ঠানের সিদ্ধান্তের কথা জানালেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। রোববার সচিবালয়ে দুপক্ষের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তারা।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা, ইজতেমায় আগত বিদেশি মেহমানদের ভিসার ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, পুলিশ প্রধান, র্যাব প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন কর্মকর্তারা। পরে তাবলীগ জামাতের আসন্ন বিশ্ব ইজতেমা বিষয়ে দুই পক্ষের নেতাদের নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে ইজতেমার শেষদিনে কে মোনাজাত পরিচালনা করবেন, কিংবা নামাজে কে ইমামতি করবেন এমন সব বিষয় আলোচনার মাধ্যমে চূড়ান্ত করার কথা জানান, ধর্ম প্রতিমন্ত্রী।
কোনো ধরনের বিশৃঙ্খলা-গোলযোগ ছাড়া যাতে ইজতেমা শেষ হয়, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও, জানান ধর্ম প্রতিমন্ত্রী।
বাংলাটিভি/প্রিন্স



