
|| সাইফুল ইসলাম ||
গতকাল রোববার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত এ ব্যাপারে কেউ নিশ্চিত কিছু বলতে পারছে না।
জানাগেছে, বিকাল ৪টায় পৌরশহরের স্টেশন রোডের তাজমহল হোটেলের পাশের একটি দোকানে হঠাৎ আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে আশ-পাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন আগুন নিভাতে চেষ্টা করে। খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকান্ডে ১টি হোটেল, ১টি আবাসিক হোটেল, ১টি চা-স্টল, ১টি সেলুনসহ অন্তত ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে তাজমহল হোটেলের মালিক মোঃ আনোয়ার হোসেন বলেন, আমার হোটেলের পিছনে একটি দোকানে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই আগুন আমার দোকানে লেগে দোকানের আসবাবপত্র, ফ্রিজসহ, মালামালের গুদাম পুড়ে যায়।
আখাউড়া ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোঃ আলাউদ্দিন মনির বলেন, হোটেলের পেছনে একটি অটো রিক্সা চার্জ দেওয়ার গ্যারেজ ছিল। সম্ভবত রিক্সা চার্জে ছিল। অতিরিক্ত চার্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।
বাংলাটিভি/প্রিন্স



