
চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় চলন্ত মাইক্রোবাসে আগুন লেগে দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের নিজামপুর কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, সকাল সোয়া ৭টার দিকে মিরসরাইয়ের হাদিফকিরহাট এলাকায় মাইক্রোবাসটি সামনে থাকা চট্টগ্রাম মুখী একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। মাইক্রোবাসটিও চট্টগ্রামমুখী ছিল। ধাক্কার পর মাইক্রোবাসের সামনের অংশ কাভার্ড ভ্যানের পেছনে আটকে যায়। এসময় কাভার্ড ভ্যানটি মাইক্রোবাসটিকে টেনে নিজামপুর পর্যন্ত নিয়ে যায়। চলতি পথেই মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এতে আগুন লেগে মারা যায় ৩ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, আগুন লাগার পর মাইক্রোবাস থেকে দুই কিশোর লাফ দিয়ে বের হয়ে যায়। তারা হলো- রাসেল (১০) ও রনি (১২)। তাদের মিরসরাই মস্তাননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া মাইক্রোবাসের চালক ও দুই যাত্রী দগ্ধ হয়ে গাড়ির ভেতরেই মারা গেছেন বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন।
বাংলাটিভি/রাজ



