শ্রীপুরে স্বামীর দেয়া আগুনে গৃহবধূ নিহত

|| সুমন শেখ ||
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর দেয়া আগুনে দগ্ধ হয়ে শিউলী আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। গত সোমবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মাজমআলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শিউলী আক্তার ময়মনসিংহ জেলার ভালুকা থানার ডাকাতোয়া গ্রামের শুক্কুর আলীর কন্যা।
জানা যায়, বেশ কয়েকবছর ধরে স্বামী ওয়াসিম আকন্দের সাথে শিউলী আক্তার মুলাইদ এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় ডেনিমিক কারখানার শ্রমিক হিসেবে চাকুরী করত। তার স্বামী ওয়াসিম পেশায় একজন ড্রাইভার। তাদের বিয়ের আগে উভয়েরই অন্যত্র বিয়ে হয়েছিল। গত বেশকিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ নিয়ে ঝগড়াবিবাদ চলছিল। সোমবার রাতে ঝগড়া ঝাটির এক পর্যায়ে স্বামী ওয়াসিম শিউলির শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে তার শরীরের ৯৫ ভাগ দগ্ধ হয়। স্ত্রীকে আগুন লাগানোর পর স্বামী ওয়াসিমও ওই আগুনে দগ্ধ হয়ে আহত হয়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাদেরকে শ্রীপুর উপজেলা হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার শিউলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার সময় শিউলী আক্তার মারা যায়।
শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, নিহতের স্বামী পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাটিভি/প্রিন্স



