
গুরুতর অসুস্থ্ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে,তবে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরতে দু’এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।একইসঙ্গে ওবায়দুল কাদেরের চিকিৎসার সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসার তুলনা করা অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন হানিফ।
বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। হানিফ বলেন,চিকিৎসা নিয়ে ওবায়দুল কাদেরের মতো একজন মুক্তিযোদ্ধার সঙ্গে খালেদা জিয়ার তুলনা চলে না।
তিনি আরও বলেন, কারাবিধি অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা করানো হবে।খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি কারা কর্তৃপক্ষ যেভাবে চাইছেন সেভাবেই তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদেরকে তাৎক্ষণিক সুচিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসকদের ধন্যবাদ জানান হানিফ। স্বাস্থ্যগত অবস্থা আরো উন্নতি হলে এক সপ্তাহ পর ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হতে পারে বলে জানান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
বাংলাটিভি/ফাতেমা



