
প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ারের চির বিদায়ের ঠিক সাত মাস পরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান।
১১ মার্চ (সোমবার) তথ্য মন্ত্রণালয় কতৃক জারি করা এক আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আবেদ খান প্রকাশিতব্য দৈনিক জাগরণের সম্পাদক। মুক্তিযোদ্ধা আবেদ খান অর্ধশতাব্দীর বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত রয়েছেন। তিনি দৈনিক ভোরের কাগজ,যুগান্তর এবং সমকালেও সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এছাড়া বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং একুশে টেলিভিশনের নির্বাহী সম্পাদকের দায়িত্বেও ছিলেন আবেদ খান।
পিআইবির এগারো সদস্যের পরিচালনা বোর্ডে সাংবাদিকদের মধ্যে থেকে সাত সদস্য হলো, প্রধান তথ্য কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান,ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ পোস্টের প্রধান সম্পাদক শরীফ শাহাবুদ্দিন,একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ দীপ আজাদ, বিএফইউজের সদস্য শেখ মামুনুর রশীদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ সংবাদদাতা অনুপ খাস্তগীর ।
এছাড়া বাকী চার সদস্য হলো, তথ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মনোনীত যুগ্ম-সচিব পদমর্যাদার একজন করে প্রতিনিধি।
পিআইবি আইন, ২০১৮-এর ৭ ধারা অনুযায়ী এ বোর্ড গঠন করা হয়েছে। মহাপরিচালক এই বোর্ডের সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, পিআইবির চেয়ারম্যান দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার গত বছরের ১৩ অগাস্ট সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা গেলে ওই পদটি ফাঁকা হয়।
বাংলাটিভি/সাইফুর



