
স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে এবং স্থানীয় পর্যায়ে জনগণের সুযোগ-সুবিধা ও অধিকার প্রতিষ্ঠা করতে উপজেলা পরিষদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপুর্ণ বলে জানিয়েছেন,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
সোমবার সকাল সাড়ে ৮টায় তার নিজ কেন্দ্র দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার ধনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সরকার চায়- সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে উপজেলা পরিষদে জনগণ তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করুক।
এসময়ে উপস্থিত স্থানীয় নেতাকর্মী এবং মিডিয়ার সামনে নির্বাচনে নৌকার বিজয় প্রত্যাশা করে বলেন, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জনগণ আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করবে।
উল্লেখ্য, দিনাজপুরের ১২টি উপজেলার ৬৬৩টি ভোটকেন্দ্রে আজ ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। এই ১২টি উপজেলায় চেয়ারম্যান পদে ৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠুভাবে ভোটগ্রহনের জন্য দিনাজপুরের ১২টি উপজেলায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ১১ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল দিচ্ছে বিজিবি। দায়িত্বে রয়েছেন ৩১ জন ম্যাজিষ্ট্রেট।
বাংলাটিভি/সাইফুর



