
রাঙ্গামাটির বাঘাইছড়ি নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে প্রিজাইডিং অফিসারসহ পাঁচজন নিহত।এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। হতাহত সবাই নির্বাচনি দায়িত্বে ছিলেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নয়মাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহতদের বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। নিহতরা হলেন প্রিজাইডিং কর্মকর্তা শিজক কলেজের শিক্ষক আব্দুল হান্নান, ভিডিপি মো. আল আমিন, ভিডিপি বিলকিস (৩৫), ভিডিপি মিহির কান্তি দত্ত ও কিশালয় প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষক মো. আমির হোসেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনজুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, জেএসএস সমর্থিত প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমা সকালে ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টা পর নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জেএসএস (এমএন লারমা) প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা।
বাংলাটিভি/প্রিন্স



