অন্যান্যবাংলাদেশ

রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় ৫০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক ও কানাডা

মিয়ানমার সরকারের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য সেবায়  বাংলাদেশকে ৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে বিশ্বব্যাংক ও কানাডার সরকার। এর মধ্যে ৩৫ মিলিয়ন ডলার চার সংস্থা ও ১৫ মিলিয়ন ডলার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে খরচ করা হবে শরণার্থীদের সেবায়। বৃহস্পতিবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

দুপুর সাড়ে ১২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ইউএনএফপিও, আইএমও এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা,ইউনিসেফ,ইউএনএফপিএ,আইএমও এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন,বিশ্ব ব্যাংক এরই মধ্যে রোহিঙ্গাদের  সেবার জন্য দুই’শ  মিলিয়ন ডলার দিয়েছে। তারা আরো ৩০০ মিলিয়ন ডলার দেওয়ার কথা জানান।

এছাড়া  চুক্তি সমঝোতার মাধ্যমে  আজ বিশ্বব্যাংক দিচ্ছে ৪১ দশমিক ৬৭ মিলিয়ন ডলার। আর কানাডা সরকার ৮ দশমিক ৩৩ মিলিয়ন ডলার। সবমিলিয়ে ৫০ মিলিয়ন ডলার দিচ্ছে সংস্থা দু’টি। এই ৫০ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের সাহায্য সহযোগিতার জন্য ব্যবহার করা হবে জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ৫০ মিলিয়ন ডলারের মধ্যে ৩৫ মিলিয়ন ডলার ৪টি এজেন্সিকে দেওয়া হবে। তারা রোহিঙ্গাদের ঘর-বাড়ি নির্মাণ, চিকিৎসা ও অন্যান্য খাতে ব্যয় করা হবে। বাকি অর্থ ব্যয় করা হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে।

তিনি আরও বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য ঘর-বাড়ি নির্মাণ করা হচ্ছে। ১ লাখ রোহিঙ্গা সেখানে থাকতে পারবেন। সেখানে তাদের সেবার জন্য ক্লিনিক করা হবে। আমরা তাদের স্বাস্থ্যসেবার জন্য সব ধরনের কাজ করে যাচ্ছি।

চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর  অনুযায়ী, আইওএম ১২ মিলিয়ন ডলার, ইউএনএফপিএ ৯ মিলিয়ন ডলার, ইউনিসেফ ৮ দশমিক ৫ মিলিয়ন ডলার, ডব্লিউএইচও ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার পাবে। বাকি ১৫ মিলিয়ন ডলার পাবে সরকার।

বাংলাটিভি/ফাতেমা

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button