অগ্নিকান্ডে মানুষের মৃত্যুর জন্য সরকারকে দায় নিতে হবে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেছেন, ‘সরকার দাবি করে,স্যাটেলাইট পাঠিয়ে মহাকাশ জয় করেছে। অথচ মানুষ বাঁচানোর জন্য সেই সরকারের কোনও আগ্রহ নেই। দেশের জনগণ মনে করে,এই আগুনে পুড়ে মানুষের মৃত্যুর দায় শেখ হাসিনা সরকারের।যারা মধ্যরাতে ভোট করে, তারা গণবিরোধীই হয়। সেজন্য মানুষ বাঁচাতে তারা কোনও দায় বোধ করে না।’
তিনি বলেন,‘এর আগে অগ্নিদগ্ধ হয়ে অসংখ্য মানুষের মৃত্যুর পরও বর্তমান শাসকগোষ্ঠী ফায়ার সার্ভিসকে আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত করেনি। যদি করতো, তাহলে আগুনে পুড়ে এতো মানুষের প্রাণ হানি হত না।’
রিজভী বলেন, ‘শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অথচ তার সেই চেতনায় গণতন্ত্র অনুপস্থিত। মুক্তিযুদ্ধের অন্তর্নির্হিত স্পিরিটই ছিল গণতন্ত্র। তিনি ও তার দল মুক্তিযুদ্ধের চেতনা থেকে গণতন্ত্রকে মুছে দিয়ে বাকশালকে অন্তর্ভুক্ত করেছেন। বাকশাল হচ্ছে জনগণকে খোঁয়াড়ে বন্দি করার ব্যবস্থা।’
বাংলাটিভি/হাকিম



