
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন অরণ্যে মিয়ানমার সীমান্তে দুর্বৃত্তদের সঙ্গে সেনাবাহিনী-র্যাবের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাঙ্গামাটিতে ব্রাশফায়ারে সাতজন হত্যাকাণ্ডের ঘটনার সন্দেহভাজন আসামি জ্ঞান শংকর চাকমা নিহত হয়েছেন।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, তুলাতলীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। লাশ এখনও ঘটনাস্থলেই রয়েছে।
র্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্নেল মিফতা উদ্দিন আহম্মদ জানান, বাঘাইছড়ির হামলায় অংশগ্রহণকারীরা পার্বত্য চট্টগ্রামে আরো নাশকতা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ জন্য তারা অত্যাধুনিক অস্ত্র কিনে আবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে—এমন তথ্যের ওপর ভিত্তি করে যৌথবাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে ফাঁদ পাতেন।
সন্ত্রাসীদের একটি দল এক পর্যায়ে সেনা টহলের তাড়া খেয়ে পালানোর সময় র্যাবের পাতা ফাঁদে প্রবেশ করে এবং ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর গোলাগুলির মুখে টিকতে না পেরে সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে গহীন জঙ্গলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, আজ ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোছড়ির তুলাতলী এলাকায় গেলে সন্ত্রাসীদের সঙ্গে গুলাগুলি হয়। এসময় সেখান থেকে সাতটি এসএমজি, ৪৩৭ রাউন্ড গুলি ও ১১ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়েছে।
বাংলাটিভি/প্রিন্স



