
বকেয়া পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলে শ্রমিকদের ৭২ ঘণ্টার ধর্মঘট অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে খুলনার নতুন রাস্তার মোড়ে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। এছাড়া রেলপথ অবরোধ করায় খুলনার সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এ অবরোধ দুপুর ১২টা পর্যন্ত চলবে বলেও জানান তারা।
আগের দুই দিনের মতো বৃহস্পতিবার ধর্মঘটে নামে পাটকল শ্রমিকরা। এসময় বিক্ষোভ মিছিল, টায়ারে আগুন দেওয়াসহ সমাবেশ করেন তারা। শ্রমিক নেতারা বলছেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছেন। আর দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
শ্রমিকরা বলছেন, বিজেএমসির আওতাধীন জুট মিলগুলোতে বেশ কয়েক সপ্তাহ ধরে শ্রমিকদের মজুরি বকেয়া আছে। এছাড়াও ২০১৫ সালে ঘোষিত মজুরি কমিশন এখনও চালু করা হয়নি।
বিজেএমসি অধীনে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা জোনে মোট ২৬টি পাটকল রয়েছে। তবে শ্রমিকদের দাবির বিষয়ে সুনির্দিষ্ট কোনো আশ্বাস দিতে পারেনি বিজেএমসি। সংস্থাটির তরফে এখন পর্যন্ত কোনো বক্তব্যও আসেনি।
শ্রমিকরা জানান, ৮ সপ্তাহের মজুরি বকেয়া থাকায় পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। আগামী ৭ এপ্রিল রাজধানীতে বৈঠকের পর আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
বাংলাটিভি/প্রিন্স



