
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস উল্টে খাদে পড়ে নিহত হয়েছে পাঁচজন। এতে আহত হয়েছে আরও ১৫জন। গেলো রাত তিনটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাতে বরকত ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে বুড়িমাড়ী যাচ্ছিল। পথে কালিতলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকসহ মারা যায় পাঁচজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-মিঠাপুকুরের রিয়াজ উদ্দীন,লালমনিরহাটের মাহাবুবুল ও বিদ্যুৎ, টাঙ্গাইলের সুনীল কুমার সরকার। আহতদের গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাটিভি/হাকিম



