অপরাধদেশবাংলা

মাধবপুরে শিক্ষকের পিটুনীতে দশম শ্রেণীর ছাত্রী অজ্ঞান

|| হামিদুর রহমান ||

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার বিদ্যুৎউন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন সহকারী শিক্ষক হাবিবুর রহমান। মুমূর্ষু অবস্থায় সাবিকুন নাহার মীম নামের ওই ছাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। আহত মীম মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকার মাহবুব তালুকদারের মেয়ে। শিক্ষকের উপর্যুপরী মারপিটে আরো তিন ছাত্রী আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে অজ্ঞান অবস্থায় ছিল মীম। এ সময় তার চাচা এডভোকেট সাজিদুর রহমান সজল জানান,দুপুরে টিফিন বিরতিতে শ্রেণিকক্ষ থেকে বেড়িয়ে যায় মীম এবং তার সহপাঠিরা। নির্দিষ্ট সময়ের ৪ মিনিট পর ক্লাশে ফেরায় তাদের উপর চড়াও হন সহকারী শিক্ষক হাবিবুর রহমান। এক পর্যায়ে তিনি বেত ও ডাস্টার দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকলে জ্ঞান হারিয়ে ফেলে মীম।

পরে সহপাটি ও অভিভাবকরা তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটে প্রেরণ করেন। হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ কামরুল ইসলাম জানান, মেয়েটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। একাধিকবার বমিও করেছে সে। মস্তিস্কে রক্তক্ষরণের আশঙ্কা থাকায় তাকে সিলেটে রেফার করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক হাবিবুর রহমান বলেন, ক্লাশের সময় বাইরে থাকায় বেত দিয়ে দু’টি আঘাত করেছি। এ ব্যাপারে প্রধান শিক্ষকের সাথে কথা বলার অনুরোধ জানান তিনি। প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button