আইন-বিচার

অবশেষে ক্ষতিপূরণের ৫ লাখ টাকা পেল রাসেল

রাজধানীতে গ্রীন লাইন পরিবহনের একটি বাসের চাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ৫ লাখ টাকা দিয়েছে পরিবহনটির কর্তৃপক্ষ। বুধবার (১০ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে তাকে ৫ লাখ টাকার চেক দেয় গ্রীন লাইন পরিবহন। এসময় ক্ষতিপূরণের বাকি টাকা প্রদানে গ্রীন লাইনকে এক মাস সময় দেন আদালত। এর আগে বুধবার বিকেল ৩টার মধ্যে ক্ষতিপূরণের কিছু টাকা গ্রীন লাইন পরিবহন মালিককে পরিশোধ করতে বলেন হাইকোর্ট। আদালত বলেন, ৩টার (বিকেল) মধ্যে রাসেল সরকারকে ক্ষতিপূরণের ৫০ লাখ টাকার কিছু অংশ না দিলে আমাদের (আদালত) মতো আমরা ব্যবস্থা নেব। হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ গ্রীন লাইনের মালিক মো. আলাউদ্দিন ও তার আইনজীবীকে উদ্দেশ্যে করে এ আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী বিকেল ৩টার মধ্যে তাকে ৫ লাখ টাকা বুঝিয়ে দিল গ্রীন লাইন কর্তৃপক্ষ।

এর আগে গত ১২ মার্চ রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে রাসেলের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষকে বহন করতে এবং তার কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করতে বলা হয়। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল করে গ্রিনলাইন কর্তৃপক্ষ।

কিন্তু, গত ৩১ মার্চ গ্রিনলাইন পরিবহনের বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গ্রিনলাইন পরিবহনের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button