ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ভারতের ১৭ তম লোকসভা নির্বাচনের সাত ধাপের প্রথম দফা ভোটগ্রহণ চলছে। দেশটির ১৮টি রাজ্যে ৯১টি আসনে চলছে এ ভোটগ্রহণ। একইসঙ্গে ভোট হচ্ছে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলেও। স্থানীয় সময় সকাল সাতটা থেকে শুরু হয় ভোট, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতে শুরু হলো ভোটের মহাযজ্ঞ। দেশজুড়ে তাই রীতিমতো উৎসবের আমেজ। এবারের লোকসভা নির্বাচনের সাতদফা ভোটের প্রথম দফায় আজ ভোট দিচ্ছে দেশটির ১৮টি রাজ্যের ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটাররা। এরমধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, আসাম, মণিপুর, মেঘালয়, উত্তরাখণ্ড, বিহার, জম্মু-কাশ্মির, মহারাষ্ট্র, মিজোরাম, নাগাল্যান্ড, উড়িষ্যা, সিকিম, তেলেঙ্গানা, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের মোট ৯১ আসন। এছাড়া, কেন্দ্রশাসিত আন্দামান নিকোবর ও লক্ষদ্বীপেও চলছে ভোটগ্রহণ।
লোকসভা নির্বাচনে অংশ নিচ্ছে দেশের প্রায় ৯০ কোটি ভোটার। গতবারের তুলনায় এবার ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় ৯ শতাংশ। এরমধ্যে নতুন ভোটার ১৩ কোটি। এবার সারাদেশে প্রায় দশ লাখের বেশি কেন্দ্রে ভোট নেয়া হবে। যা শুধু ভারতে নয়, গোটা বিশ্বের হিসেবে রেকর্ড। এছাড়া, মোট ১১ লাখ ইভিএমে নিজেদের মত জানাবেন ভোটাররা।
প্রথম দফার এই ভোটে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আজ যাদের ভাগ্য নির্ধারিত হবে তাঁরা হলেন, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি, কিরেন রিজিজু, জেনারেল ভি কে সিং, সত্যপাল সিং এবং মহেশ শর্মা। এছাড়া, রাষ্ট্রীয় লোকদল প্রধান অজিত সিং এবং তাঁর ছেলে জয়ন্ত চৌধুরীও আজ রয়েছেন জনরায়ের মুখে।
দেশজুড়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১৮ এপ্রিল। ১৯ মে পর্যন্ত চলবে সাত ধাপে ভোটগ্রহণ। এদিকে, নির্বাচনপূর্ব একাধিক জরিপ অনুযায়ী, এবার একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বিজেপি সরকার। কাজেই নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারবে নাকি আসবে নতুন কোনো নেতৃত্ব তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ২৩ মে পর্যন্ত। সেদিনই ঘোষণা করা হবে কাক্সিক্ষত ফলাফল।
বাংলাটিভি/রাজু



