উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনে গ্রেফতার

সাত বছর যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে আশ্রিত থাকার পর,গ্রেফতার হলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সুইডেনে এক যৌন নির্যাতনের মামলায়, সুইডেনের প্রত্যাবর্তন এড়াতে অ্যাসাঞ্জ ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন।
বৃহস্পতিবার এক ঘোষণায় এ তথ্যটি নিশ্চিত করেছে ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশ।
ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে,২০১২ সালে ইস্যু করা একটি ওয়ারেন্ট নিয়ে তাদের কর্মকর্তারা দূতাবাসে যায়। আদালতের ওই নির্দেশ পালন করে ‘আত্মসমর্পণে ব্যর্থ’ হওয়ায় সাত বছর ধরে ইকুয়েডরের দূতাবাসে বাস করা অ্যাসাঞ্জকে গ্রেফতার করে ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশ।
পুলিশ বলছে,অ্যাসাঞ্জকে গ্রেফতার করে সেন্ট্রাল লন্ডনের একটি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।
ব্রিটিশ পুলিশ বলছে,অ্যাসাঞ্জকে যতদ্রুত সম্ভব ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে।
ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো বলেন,বার বার আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের পর তিনি অ্যাসাঞ্জের আশ্রয় প্রত্যাহার করেছিলেন।
২০০৬ সালে প্রতিষ্ঠিত সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস ২০১০ সালে বিশ্বজুড়ে আলোড়ন তোলেন। ওইসময় মার্কিন কূটনৈতিক নথি ফাঁসের মধ্য দিয়ে উইকিলিকস ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



