
নৌ,স্বাস্থ্য কৃষি, পর্যটন খাতের উন্নয়নে ভুটানের সঙ্গে ১টি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এর উপস্থিতিতে এই চুক্তি ও সমঝোতা স্বারক সই হয়।
সকাল ১০টার দিকে শেরিং ও তার সফর সঙ্গীদের নিজ কার্যালয়ের টাইগার গেটে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপ্যায়ন পর্ব শেষে একান্ত বৈঠক করেন,বন্ধুপ্রতীম দু’দেশের দুই শীর্ষ নেতা। কার্যালয়ের চামেলী ভবনে শুরু হয় বাংলাদেশ-ভুটানের দ্বিপাক্ষিক বৈঠক। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এ সময় নিজ নিজ দেশের নের্তৃত্ব দেন দু’দেশের প্রধানমন্ত্রী।
সই শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন,ভুটানের প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দুই দেশেরর সম্পর্ক জোরদার হবে। বিবিআইএন কার্যকর করতে ভুটান সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও জানান শহীদুল হক।
বৈঠকে রয়েল ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অব ভূটান এবং বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের মধ্যে চুক্তি। কার্গো আনা নেয়ার ব্যাপারে বাংলাদেশের অভ্যন্তরীন নৌ রুট ব্যবহার, বাংলাদেশের চিকিৎসকদের ভূটানে কাজ করা, কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক সই করে দু’দেশ।
দু’দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে, ভুটান থেকে ভারত হয়ে বিদ্যুৎ আমদানি, কিছু পণ্যের শুল্কমুক্ত সুবিধা ট্রানজিটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান, পররাষ্ট্র সচিব।
তিনি জানান, আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর, প্রথম সরকার প্রধান হিসেবে বাংলাদেশ সফরে আসেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



