
অন্যায়-অনাচারের বিরুদ্ধে শুভবোধ জাগিয়ে তুলতে গানে সুরে ১৪২৬ বঙ্গাব্দকে বরণ করলো ছায়ানটের শিল্পীরা। অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ’ এমন আহ্বান নিয়ে সাজানো হয় ছায়ানটের প্রভাতী আয়োজন।
নতুন বছরের প্রথম সুর্যোদয়,সুন্দরের প্রত্যাশায় গানে-সুরে বাংলা ১৪২৬ সালকে বরণ করা হয়। ভোরের আলোয় রমনা বটমূলে বেজে ওঠে সরোদ। রাগালাপের মুর্ছনা ছড়ায় আবেশ।
নতুন বছরকে ঘিরে,বর্বরতা ও সামাজিক অনাচারের বিরুদ্ধে জাগরণের দৃপ্ত উচ্চারণ বেজে ওঠে শিল্পীদের কন্ঠে।
এসময় অশুভকে জয় করতে লোকগানের মা্ধ্যমে মানুষের জয়গান তুলে ধরেন শিল্পীরা। গানে গানে ছড়িয়ে দেয় স্নিগ্ধ প্রকৃতি ও প্রেমের বার্তা।
ছায়ানটের আয়োজনে গান,পাঠ,আবৃত্তিতে দেশ-মানুষ-মনুষ্যত্বকে ভালবাসবার প্রত্যয়। সম্প্রীতি বাড়ানোর এই আয়োজনে অংশ নিয়ে মুগ্ধ দর্শক
সম্প্রীতির বন্ধন ধরের রাখার পাশাপাশি নিজেদের বিশুদ্ধ করার আহ্বান জানান ছায়ানট সভাপতি সনজীদা খাতুন। জাতীয় সংগীত দিয়ে শেষ হয় ছায়ানটের পরিবেশনা।
নতুন বছর মানেই নতুন আশার,নতুন সম্ভাবনার। তাইতো বাংলা নতুন বছরের প্রথম দিনটি সার্বজনীন উৎসবের মধ্য দিয়েই পালন করছে বাঙালী।সবার প্রত্যাশা সব অপশক্তি রুখে দিয়ে একটি অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



