নটরডেম ক্যাথেড্রালে আগুনের ঘটনায় বিশ্ব নেতাদের শোক

ভয়াবহ আগুনে পুড়েছে প্যারিসের ৮৫০ বছরের পুরনো নটরডেম ক্যাথেড্রাল। স্থানীয় সময় সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় আগুন লাগে। এ ঘটনায় জাতিসংঘ মহাসচিবসহ বিশ্ব নেতারা শোক জানিয়েছেন।
ঐতিহাসিক এই গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত আগুন নেভাতে উড়ন্ত জলকামান ব্যবহারের পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মান চ্যাঞ্চেলর আঙ্গোলা ম্যার্কেল ফ্রান্সের জনগণের প্রতি তার সমর্থনের কথা জানিয়েছেন এবং নটর ডেমকে তিনি “ফ্রান্স এবং ইউরোপীয় সংস্কৃতির প্রতীক” হিসেবে অভিহিত করেছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এক টুইটে লিখেছেন, “ফ্রান্সের জনগণের সঙ্গে এবং জরুরি পরিষেবাগুলোর সঙ্গে যারা নটর ডেম ক্যাথেড্রালে ভয়ানক অগ্নিকাণ্ডের বিরুদ্ধে লড়াই করছেন তাদের প্রতি সমবেদনা।
এই অগ্নিকাণ্ডের খবরে শোক জানিয়ে ফরাসি ফায়ার সার্ভিসের জন্য প্রার্থনার কথা জানিয়েছে ভ্যাটিকান। আগুনে ঐতিহাসিক স্থাপনাটির ছাদ পুরোপুরি ধসে পড়েছে। ৮৫০ বছরের প্রাচীন ভবনটি পুরোপুরি তৈরি করতে সময় লেগেছিল দুই শতক। গির্জাটি দ্বাদশ ও ত্রয়োদশ শতক ধরে নির্মাণ করা হয়। তবে অগ্নিকাণ্ডের পর মূল কাঠামো এবং দুটো বেল টাওয়ার রক্ষা করা গেছে বলে জানান কর্মকর্তারা।
তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। ক্যাথেড্রালটি পুনঃনির্মাণের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন। প্রাচীন স্থাপনাটিকে ইউরোপের সংস্কৃতির অংশ বলা হয়ে থাকে। প্যারিসের মেয়র আন্নে হিদালগো অগ্নিকান্ডের ঘটনাকে ভয়ঙ্কর হিসেবে বর্ণনা করেছেন।
বাংলাটিভি/রাজু



