যত্রতত্র আর মেডিকেল কলেজের অনুমোদন দেবে না সরকার: প্রধানমন্ত্রী

শুধু রাজধানী কেন্দ্রিক নয়, সারা দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকার উদ্যোগ নিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যত্রতত্র মেডিকেল কলেজ গড়ে তুললে, তাতে অনুমোদন দেবে না সরকার। সকালে প্রথম জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে নার্সিং শিক্ষাকে গুরুত্ব দেয়ার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের কর্মপরিবেশের সীমাবদ্ধতা দূর করা হচ্ছে।
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এর ফলে কমেছে মাতৃমৃত্যুর হার, হ্রাস পেয়েছে শিশুমৃত্যুও। সরকারের হিসাব বলছে, মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে ৭২ বছর। তার মধ্যে নতুন নতুন রোগ আর সংক্রামকে স্বাস্থ্যঝুঁকিতে থাকছে মানুষ।
তাই সরকারের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরো জোরদার করতে দেশে প্রথমবারের মতো শুরু হলো পাঁচদিনব্যাপী জাতীয় স্বাস্থ্যসেবা ও পুষ্টি সপ্তাহ। ‘স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ স্লোগানে স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী সবাইকে আরো বেশি স্বাস্থ্য সচেতন হতে পরামর্শ দেন।
স্বাস্থ্য খাতে তাঁর সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সারা দেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন সাড়ে তিন লাখ মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিচ্ছেন। বিশেষায়িত নার্স গড়ে তোলার পাশাপাশি নার্সিং সেবায় শুধু বিজ্ঞান নয় যাতে যেকোনো বিষয়ে পড়ালেখা করে আসতে পারে সেবিষয়েও ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে নির্দেশ দেন সরকারপ্রধান। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে।
বাংলাটিভি/প্রিন্স



