
কারাবন্দি বিএনপি জোট সরকারের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার সকাল পৌনে এগারোটায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে সোয়া দশটায় কারা কর্তৃপক্ষ তাকে নিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগার-১ থেকে প্রিজন ভ্যানে করে হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেয় ।
ওসমানী হাসপাতালে লুৎফুজ্জামান বাবর মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক আবু নঈম মোহাম্মদের কাছে চিকিৎসা নেন। চিকিৎসক তাকে চেকআপ করে কয়েকটি পরীক্ষা দিয়েছেন। দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কঠোর নিরাপত্তায় হাসপাতালে তার পরীক্ষা চলছে। সকালে হাসপাতালে পৌঁছে হুইল চেয়ারে করে বাবরকে চিকিৎসকের কক্ষে নিয়ে যান কারারক্ষীরা।
জেল সুপার মো. আব্দুল জলিল জানান, কয়েদিদের নিয়মিত চেকআপের জন্য অংশ হিসেবে বাবরকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরকে গত বুধবার সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ঢাকা থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
বাংলাটিভি/প্রিন্স



