
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, উন্নত দেশগুলোর মত জ্ঞানভিত্তিক খাতে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিজনেস প্রসেস আউটসোর্সিং ‘বিপিও সামিট বাংলাদেশ-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিজনেস প্রসেস আউটসোর্সিং ‘বিপিও সামিট বাংলাদেশ-২০১৯’ এর অনুষ্ঠানের উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়।
জয় বলেন, সারা বিশ্বে শিল্প বিপ্লবের পর দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়ে কাজ শুরু হয়। সেই ধারাবাহিকতায় এক রকম কারও সাহায্য ছাড়াই বেসরকারি খাতে পোশাক শিল্প গড়ে তোলে বাংলাদেশ।
জয় আর ও বলেন, বর্তমানে এ শিল্পটি রপ্তানির সব চেয়ে বড় খাতে পরিণত হয়েছে। সে লক্ষ্যেই আইসিটি খাতে উন্নয়নের জন্য যথেষ্ট উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ বর্তমানে দুটি সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত আছে বলেও জানান তিনি।
দুদিনের এ আয়োজনে দেশি-বিদেশি তথ্য প্রযুক্তিবিদ, সরকারের নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী ও বিপিও খাতসংশ্লিষ্টরা অংশ নিচ্ছেন।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



