ইবাদত-বন্দেগিতে কাটল শবেবরাতের রাত

শবে বরাত মুসলমানদের জন্য এক মহিমান্বিত ও বরকতময় রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় রোববার পালিত হয়েছে পবিত্র শবে বরাত।
‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত শবে বরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা রাতভর ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটিয়েছেন। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির করেছেন। মসজিদে মসজিদে আয়োজন করা হয় ওয়াজ ও মিলাদ মাহফিলের।
রোববার রাত ৮টার দিকে এশার আজানের আগ থেকে পূর্ণ হয়ে যায় রাজধানীর মসজিদগুলো। মসজিদের ছাদেও মুসল্লিরা নামাজ আদায় করেছেন।
হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি বিশ্ব মুসলিম উম্মাহ শবেবরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে। মুসলিম সম্প্রদায়ের জন্য এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবে পরিচিত।
বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, ওয়াজ মাহফিল করেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ফজরের নামাজের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে।
বাংলাটিভি/প্রিন্স



