
শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ মঙ্গলবার ফিরিয়ে আনা হতে পারে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
সোমবার সকালে শিল্পমন্ত্রী একথা জানিয়েছেন। এছাড়াও তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তদারকি করছেন এ বিষয়ে।
শেখ সেলিমের জামাতার পায়ে গুরুতর জখম, তাকে এখনি দেশে ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও জানিয়েছেন শিল্পমন্ত্রী।
শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী (৮) মারা যায়। রোববার রাতে তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
শেখ সেলিমের মেয়ে, শেখ আমেনা সুলতানা সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে যান। তারা উঠেছিলেন কলম্বোর পাঁচ তারকা একটি হোটেলে। রোববার সকালে ইস্টার সানডের প্রার্থণার মধ্যে শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলে বোমা হামলা হয়।
এর মধ্যে বোমা হামলা হয় একটি হোটেলের নিচতলার রেস্তোরাঁয়। সকালের নাস্তা করতে গিয়েছিলেন প্রিন্স ও তার বড় ছেলে জায়ান চৌধুরী। ছোট ছেলে জোহানকে নিয়ে শেখ সোনিয়া ওই সময় হোটেলের কক্ষে ছিলেন। বোমা হামলায় প্রিন্স আহত হন এবং ছেলে জায়ান নিখোঁজ হয়। পরে জায়ানের মৃত্যুর খবর আসে।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



