
রাজধানীর জুরাইন ও রামপুরা এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের নিশ্চয়তা দেয়ার পর ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানকে ওয়াসার পানির তৈরি শরবত পান না করিয়েই ওয়াসা ভবন থেকে ফিরে গেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
দুই দিন আগেই ওয়াসার এমডি দাবি করেছিলেন, ওয়াসার পানি শতভাগ সুপেয়। সেই ‘সুপেয়’ পানিতে তৈরি শরবত এমডিকে পান করাতে ওয়াসা ভবনে হাজির হয়েছেন রাজধানীবাসী। তাদের নেতৃত্ব দিচ্ছেন মিজানুর রহমান নামের এক ব্যক্তি। মিজানুর রহমান তার ব্যাগ থেকে জুরাইন এলাকার পানি বের করে জগে ঢেলেছেন। এই পানি দিয়ে শরবত বানিয়ে ওয়াসার এমডিকে খাওতে চান তিনি।
মিজানুর রহমান নামের জুরাইন এলাকার ওই বাসিন্দা বলেন, আমাদের এলাকায় ওয়াসার পানি ড্রেনের পানির মতো অপরিষ্কার। এটা খাওয়া তো দূরের কথা, গন্ধে হাতে নেওয়াই যায় না। এ অবস্থায় ওয়াসার এমডি কীভাবে বলেন ওয়াসার পানি শতভাগ সুপেয়, বিশুদ্ধ! তাই আমরা এই পানি দিয়ে শরবত বানিয়ে খাওয়াতে এসেছি।
কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ‘আমরা যারা একসঙ্গে লাইনে দাঁড়িয়ে পানি আনতে যাই, তাদের অনেকেই ঐক্যবদ্ধ হয়ে এ কর্মসূচি দিয়েছি। প্রতিবাদের অংশ হিসেবে আমরা ওয়াসা ভবনে গিয়ে এমডির জন্য ওয়াসার বিভিন্ন কলের পানি নিয়ে এসেছি। যদি তার ডায়াবেটিস থাকে তাহলে শুধু লেবু দিয়ে শরবত তৈরি করে খাওয়াব। তিনি খেয়ে বলবেন, পানি কতটুকু সুপেয়।’
এদিকে জুরাইনবাসীর এমন কর্মসূচিতে ওয়াসা ভবনের গেটে অতিরিক্ত পুলিশ, আনসার সদস্যরা অবস্থান নিয়েছেন।
বাংলাটিভি/প্রিন্স



