ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন আবাহনী

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। বিকেএসপিতে সুপার লিগ পর্বের শেষ ম্যাচে সৌম্য সরকারের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে আবাহনী লিমিটেড ৯ উইকেটের জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। ম্যাচে জিতলেই আবাহনী চ্যাম্পিয়ন হবে, এমন সমীকরণ নিয়ে মাঠে নামে তারা।
আগে ব্যাট করে ৯ উইকেটে ৩’শ ১৭ রান তোলে শেখ জামাল ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের ডাবল ও জহুরুল আলমের সেঞ্চুরিতে ৪৭ ওভার ১ বলেই জয় নিয়ে শিরোপা উৎসবে মেতে উঠে আবাহনী।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গড়া ৩১৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার সৌম্য সরকার আর জহুরুল ইসলাম গড়লেন ৩১২ রানের জুটি। যে জুটিতে ভর করেই ১৭ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে আবাহনী। আর টানা দ্বিতীয়বারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপাও ঘরে নিয়ে গেলো আকাশি-হলুদরা।
আবাহনীর দুই ওপেনার যেভাবে এদিন ব্যাটিং করেছেন, তাদের আটকানোর কোন পথ খুঁজে পাচ্ছিলো না শেখ জামালের বোলাররা। আগের ম্যাচেই ঝড়ো এক সেঞ্চুরির পর এই ম্যাচে সৌম্যর উইলো থেকে বেরিয়ে এলো অপরাজিত ডাবল সেঞ্চুরি। যেটি আবার বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম শ্রেণীর ক্রিকেটে রেকর্ড। অপরাজিত থেকেই ম্যাচ শেষ করেন সৌম্য।
আবাহনীর পক্ষে ৫৬ রান খরচায় ৪টি উইকেট নেন মাশরাফি বিন মর্তুজা।
বাংলাটিভি/রাজু



