
যুদ্ধাপরাধের মামলায় নেত্রকোনার আটপাড়া থানার সোহরাব ফকিরসহ দুই রাজাকারের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মোট তিনটি অভিযোগে তাদের বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়।
বুধবার (২৪ এপ্রিল) বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- শান্তি কমিটির সদস্য ও রাজাকার হেদায়েত উল্লাহ ওরফে মো. হেদায়েতল্লাহ ওরফে আঞ্জু বিএসসি এবং সোহরাব ফকির ওরফে সোহরাব আলী ওরফে ছোরাপ আলী।
এর আগে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। তার আগে গত ৭ মার্চ মামলাটির শুনানি শেষে সিএভি ঘোষণা করা হয়।
২০১৬ সালের ৮ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান। ২০১৭ সালের ১০ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়ার আদেশ দেন ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা ও দেশত্যাগে বাধ্যকরণের মতো অপরাধের ৬ টি অভিযোগ আনা হয়েছে।
যে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের সবার বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার কুলশ্রীতে। তবে, বর্তমানে আঞ্জু থাকতেন রাজশাহীর বোয়ালিয়া থানার হেতেম খাঁ মেথর পাড়ায়। অন্যদিকে, ছোরাপ একই জেলার মদন থানার জাহাঙ্গীরপুরে থাকেন।
বাংলাটিভি/প্রিন্স



