জনদুর্ভোগবাংলাদেশ

চট্রগ্রাম রংপুরে চলছে পরিবহন ধর্মঘট

 

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য পরিচয়ে তল্লাশির নামে বাস চালককে হত্যার প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রাম ও রংপুর বিভাগের ৪ জেলায় ধর্মঘট চলছে। বৃহত্তর চট্টগ্রামের ৮৭টি রুটে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয়া হলেও, রংপুরের বিভিন্ন জেলায় অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করা হয়। যানবাহন চলাচল না করায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। অনেকে পায়ে হেটে গন্তব্যে যাত্রা করছেন।

বুধবার সন্ধ্যা ৬ থেকে বৃহত্তর চট্টগ্রামের ৮৭টি রুটে পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। আজ  সকালে যাত্রা পথে বের হয়ে বিপাকে পড়েন অনেকে। যানবাহন না পেয়ে পায়ে হেটে রওয়ানা হন কেউ কেউ।

এদিকে, বুধবার রাতে রংপুর বিভাগের ৮ জেলায় ধর্মঘটের ডাক দেয়া হলেও পালন করা হচ্ছে ৪ জেলায়। ভোর ৬টা থেকে শুরু হয় এই কর্মসূচি। এতে রংপুর থেকে, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড়ে সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

গত ২২ এপ্রিল চট্টগ্রামের পটিয়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পরিচয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে চালক জালাল উদ্দিনকে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 বাস চালকের মৃত্যুর ঘটনায় পটিয়া থানায় একটি মামলা হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button