
কক্সবাজারের কুতুবদিয়ায় দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ বলছে, অধিপত্যের বিরোধে জলদস্যু দুই পক্ষের গোলাগুলিতে তারা প্রাণ হারিয়েছেন।
পুলিশ বলছে নিহতরা জলদস্যু গ্রুপের সদস্য। এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি, দুইটি কার্তুজ ও ১০ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার লেমশিখালী দরবার শরীফ সংলগ্ন বেড়িবাঁধের ওপর এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানাতে পারেনি পুলিশ।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দিদারুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জলদস্যুদের দুপক্ষের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এসময় দুই জলদস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, লাশ উদ্ধারের জন্য পুলিশ সেখানে গেলে দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এসময় জলদস্যুদের গুলিতে পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন। তারা হলেন সাইদুল ইসলাম ও তাপস বড়ুয়া। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বাংলাটিভি/প্রিন্স



