আন্তর্জাতিক

শ্রীলঙ্কা হামলার মূলহোতা বোমা বিস্ফোরণেই নিহত

শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন আত্মঘাতী বোমা হামলার ‘হোতা’ জাহরান হাশিম নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

সিরিসেনা শুক্রবার সংবাদিকদের বলেন, “গোয়েন্দা সংস্থা থেকে আমাকে শাংরি লা হোটেলে হামলার সময় জাহরান নিহত হওয়ার খবর দেওয়া হয়েছে। তার নেতৃত্বে শাংরি লা হোটেলে আত্মঘাতী হামলাকারী দ্বিতীয় ব্যক্তির নাম ইলহাম।

“গোয়েন্দা তথ্য এবং ঘটনাস্থল থেকে উদ্ধার সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি জানা গেছে।”

ভারত মহাসাগরের এই দ্বীপ দেশে এক দশকের মধ্যে ভয়ঙ্করতম ওই আত্মঘাতী হামলায় অন্তত ২৫৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

জাহরান হাশিম ন্যাশনাল তাওহীদ জামায়াত (এনটিজে) নামে স্থানীয় একটি উগ্রপন্থি ইসলামিক দলের নেতা বলে ধারণা পুলিশের।

হামলার পর গত মঙ্গলবার মধ্যপ্রাচ্যের জঙ্গি দল আইএস হামলার দায় স্বীকার করে একটি ভিডিও প্রকাশ করে। যেখানে সংগঠনের কালো পতাকার সামনে দাঁড়িয়ে আইএস নেতা আবু বকর আল-বাগদাদির নামে শপথ নিতে দেখা যায় আটজনকে।

আইএসের দাবি, ওই আটজনই ইস্টার সানডের দিন আত্মঘাতী হামলায় অংশ নেয়। ওই আট জনের মধ্যে সাত জনের মুখ ছিল ঢাকা। একমাত্র যে ব্যক্তির মুখ সেখানে দেখা গেছে, তিনি জাহরান হাশিম।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button