
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দলের সিদ্ধান্তের বাইরে দু’একজন শপথ নিলে এতে দলের কোন ক্ষতি হবে না।
শনিবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী তাঁতীদলের নতুন কমিটি গঠন উপলক্ষ্যে পুষ্পার্ঘ অর্পণ শেষে একথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপিকে চাপে রাখার জন্যই আমাদের নেত্রীকে কারাগারে রাখা হয়েছে। জামিনযোগ্য মামলা হওয়া সত্ত্বেও একদিকে জামিন দিচ্ছে, অন্যদিকে অন্য মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপিকে চাপে রাখা হচ্ছে না। এটা জনগণ বিচার করবে, জনগণের চোখের সামনে পরিষ্কার এই সরকার।
এসময় বলেন, সরকার একতরফাভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধীদলের ওপর বিভিন্ন ধরনের চাপ দিয়ে যাচ্ছে। বিএনপির ওপরে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে।
মোশাররফ হোসেন বলেন, যারা দলীয় সিদ্ধান্তের বাইরে শপথ নিয়েছেন এটা খুবই দুঃখজনক ঘটনা বলে অভিহিত করেন তিনি।
বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মাহফুজউল্লাহর মৃত্যুর খবরে তিনি বলেন, মাহফুজউল্লাহকে হারিয়ে জাতির অনেক বড় ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি কী দিয়ে পূরণ হবে তা আমি জানি না।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন মোশাররফ।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



