
ফের আলোচনায় জামায়াতে ইসলামী। এবার দলটির বহিষ্কৃত ও সংস্কারপন্থি নেতারা ঘোষণা দিলেন, নতুন প্ল্যাটফরম গঠনের। যার নাম জনআকাঙ্খার বাংলাদেশ।
‘জন -আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক মঞ্চের ঘোষণা দিলেন জামায়াতের সংস্কারপন্থীরা। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ রাজনৈতিক মঞ্চের ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রাজনৈতিক এই মঞ্চের সমন্বয়ক ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আব্দুল ওয়াহাব মিনার, মাওলানা আব্দুল কাদের, মো. নাজমুল হুদা, মো. সালাহ উদ্দীন, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট তাজুল ইসলাম ও গোলাম ফারুকসহ অন্যরা। এরা প্রত্যেকেই এক সময় যুক্ত ছিলেন জামায়াতের রাজনীতির সঙ্গে ।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘ আজ আমরা উপস্থিত হয়েছি জাতীয় মুক্তি ও জন আকাঙক্ষার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। যারা এই উদ্যোগে শরিক হতে চান, তাদের সংগঠিত করার কাজ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো।’
মঞ্জু বলেন, ‘পূর্ণাঙ্গ দল গঠনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি তাদের কাজ শুরু করে দিয়েছে। আপাতত এই উদ্যোগ সমন্বয়কের দায়িত্ব এই নাখান্দাকে দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা যত তাড়াতাড়ি পারি যথা শিগগিরই আসব। এ ব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে সাংবাদিকের সহযোগিতা কামনা করছি আমরা।’
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



